পাক-অধিকৃত কাশ্মীরে ধর্মঘটের ডাক, আন্দোলন দমনে বলপ্রয়োগের অভিযোগ
পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে দীর্ঘস্থায়ী লোডশেডিং, নিম্ন ভোল্টেজ এবং ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের ক্রমাগত অস্থিতিশীলতার তীব্র নিন্দা জানিয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি (ইউকেপিএনপি)। দলের মুখপাত্র সরদার নাসির আজিজ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই সংকটের চিত্র তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ ও যোগাযোগের এই চরম বিপর্যয়ের ফলে সাধারণ মানুষের জীবন বর্তমানে দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে রাওয়ালাকোট, পুঞ্চ এবং আশপাশের এলাকায় যে ‘শাটারডাউন’ বা ধর্মঘট কর্মসূচি চলছে, তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ইউকেপিএনপি।
নাসির আজিজ খান অভিযোগ করেন, আড়াই বছরেরও বেশি সময় ধরে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ জনগণের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবিগুলো বরাবরই উপেক্ষা করে আসছে। তিনি দাবি করেন, সরকার আগের চুক্তিগুলো বাস্তবায়ন না করে উল্টো বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করেছে। এর ফলে ইতিমধ্যে বেশ কিছু প্রাণহানি ঘটেছে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে।