শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ‘আর ১৫ মিনিট আগুন জ্বললে অনেক সাংবাদিক মারা যেতেন’: নোয়াব সভাপতি

‘আর ১৫ মিনিট আগুন জ্বললে অনেক সাংবাদিক মারা যেতেন’: নোয়াব সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আর ১৫ মিনিট আগুন জ্বললে অনেক সাংবাদিক মারা যেতেন’: নোয়াব সভাপতি

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবনে আগুন দেওয়ার পর আর মাত্র ১৫ মিনিট পার হলেই ধোঁয়া ও অক্সিজেনের অভাবে সেখানে আটকা পড়া অন্তত ২৮-২৯ জন সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারত। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।


এ কে আজাদ অভিযোগ করেন, হামলার আগমুহূর্তে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে নিরাপত্তার জন্য বারবার অনুরোধ জানালেও কোনো সহায়তা পাননি। যখন সহায়তা পৌঁছেছে, ততক্ষণে পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়েই হামলাকারীরা কম্পিউটার, চেয়ারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে, কিন্তু কেউ তাদের বাধা দেয়নি।


প্রতিবাদ সভায় নোয়াব সভাপতি ঘোষণা করেন, সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার এই অপচেষ্টা রুখতে জানুয়ারির মাঝামাঝি সময়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন করা হবে। সেখান থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি অবিলম্বে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।