বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রুশ রাষ্ট্রদূতের
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিরসন করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
রুশ রাষ্ট্রদূত বলেন, “প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন।” তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তিনি মনে করেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত এবং বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন খোজিন। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, রাশিয়া এ বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পর্যবেক্ষক দল পাঠানোর জন্য তারা এখন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।