১২ ফেব্রুয়ারি নির্বাচন: মার্কিন বিশেষ দূতকে নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শাসনামলে হারানো ভোটাধিকার প্রয়োগের জন্য পুরো জাতি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ফোনালাপে দুই নেতার মধ্যে নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য, গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সার্জিও গোর সম্প্রতি সফল শুল্ক আলোচনার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান, যার ফলে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া তিনি শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় মানুষের বিশাল উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস আলাপকালে অভিযোগ করেন যে, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার 'সম্পূর্ণ প্রস্তুত' বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও যোগ করেন, "নির্বাচনের আগে আমাদের হাতে আনুমানিক ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্মরণীয় নির্বাচন উপহার দিতে চাই।"
উক্ত ফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।