২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা: অন্ধকারে ওডেসার লাখো মানুষ, পুড়ল ভোজ্যতেলের বিশাল মজুদ
ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে চালানো এই হামলায় একটি জাহাজ এবং বন্দর এলাকার বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে ওই অঞ্চলে এটি রাশিয়ার দ্বিতীয় দফার হামলা।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা এই আক্রমণকে পরিকল্পিত আখ্যা দিয়ে বলেন, রাশিয়া ধারাবাহিকভাবে বন্দর ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে যাতে সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। সর্বশেষ হামলায় ওডেসার পিভডেনি বন্দরে ভয়াবহ আগুন লাগে, যার ফলে প্রায় ৩০টি কনটেইনারে থাকা বিপুল পরিমাণ ময়দা ও ভোজ্যতেল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো অঞ্চলের প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা ও এর আশপাশে রাশিয়ার হামলা বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভা অভিমুখে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বন্ধ করে দেওয়া। অন্যদিকে, ইউক্রেনও পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার তেল ট্যাঙ্কার বা 'ছায়া বহর'-এর ওপর হামলা জোরদার করেছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।