চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নিয়ে সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধসহ বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশটি জারি করে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশোধিত এই অধ্যাদেশে মূলত ২০২৪ সালের মূল অধ্যাদেশটির শিরোনাম ও কিছু ধারা সংশোধন করা হয়েছে। এর একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো—শিরোনাম, প্রস্তাবনা এবং বিভিন্ন ধারা থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্নগুলো বিলুপ্ত করা হয়েছে।
এছাড়া, নতুন করে ‘ধারা ৩ক’ সংযোজন করা হয়েছে। এই ধারার বিশেষ দিকটি হলো—যেসব সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেই সব পদের ক্ষেত্রে ওই বর্ধিত বয়সসীমাই বহাল থাকবে। অর্থাৎ, ৩২ বছরের বেশি বয়সসীমা যেসব পদে আগে থেকেই ছিল, তা এই অধ্যাদেশের ফলে কমবে না।