বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গ্রিনল্যান্ড নিয়ে ফের সরব ট্রাম্প: ডেনমার্কের তীব্র ক্ষোভ, মার্কিন রাষ্ট্রদূত তলব

গ্রিনল্যান্ড নিয়ে ফের সরব ট্রাম্প: ডেনমার্কের তীব্র ক্ষোভ, মার্কিন রাষ্ট্রদূত তলব

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্রিনল্যান্ড নিয়ে ফের সরব ট্রাম্প: ডেনমার্কের তীব্র ক্ষোভ, মার্কিন রাষ্ট্রদূত তলব

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণ করা জরুরি বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে ‘বিশেষ দূত’ হিসেবে নিয়োগ দেওয়ার পর কোপেনহেগেনের সঙ্গে ওয়াশিংটনের নতুন করে বিরোধের সৃষ্টি হয়েছে। এই নিয়োগের প্রতিক্রিয়ায় ডেনমার্ক সরকার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে।


সোমবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। সেখানে তাকালে দেখা যায় উপকূলজুড়ে রাশিয়ান ও চীনা জাহাজের আনাগোনা। এটি কেবল খনিজ সম্পদের জন্য নয়, বরং কৌশলগত কারণে আমাদের থাকা উচিত।" ডেনিশ ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিশেষ দূত ল্যান্ড্রিও।


ট্রাম্পের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, "গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডবাসীর। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য দেশের ভূখণ্ড সংযুক্ত করতে পারে না।" ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং ডেনমার্কের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নও এই ইস্যুতে ডেনমার্কের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।


ভৌগোলিক ও কৌশলগত কারণে উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে অবস্থিত গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পটুফিক নামে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং একটি কনস্যুলেটও রয়েছে। তবে ডেনমার্কের সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের মানুষ স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে নারাজ। ট্রাম্পের এই অনড় অবস্থান ন্যাটো মিত্র ডেনমার্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।