দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ
নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিকের মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভের একপর্যায়ে অংশগ্রহণকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা 'বাংলাদেশ মুর্দাবাদ' স্লোগান দেয় এবং কুশপুত্তলিকা দাহ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় নিরাপত্তা বাহিনী হাইকমিশন এলাকাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে আটকে দিতে সক্ষম হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। এর আগে গত শনিবার রাতেও একই স্থানে বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ।