১৭ বছরের নির্বাসন শেষ: দেশের আকাশে তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতির পর ফিরছেন ঢাকা
দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে ২০২-এ চড়ে তারা দেশের উদ্দেশে রওনা হন। বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ডটকমের তথ্য অনুযায়ী, বিমানটি ইতোমধ্যেই বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে দেশের আকাশে প্রবেশের পর তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’ জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেবে। এরপর পুনরায় যাত্রা করে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় নামার পর তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) যাবেন সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। এরপর তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।