কর্ণাটকে বাস-ট্রাক সংঘর্ষে ভয়াবহ আগুন: ১০ যাত্রী জীবন্ত দগ্ধ
ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক-৪৮ (NH-48)-এ একটি যাত্রীবাহী স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেঙ্গালুরু থেকে শিবমোগ্গাগামী 'সিবার্ড কোচ' কোম্পানির বাসটি যখন চিত্রদুর্গা এলাকা অতিক্রম করছিল, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সড়ক বিভাজক (ডিভাইডার) টপকে সরাসরি বাসে ধাক্কা দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি সরাসরি বাসের জ্বালানি ট্যাংকের ওপর আঘাত করায় মুহূর্তের মধ্যে ডিজেল ছড়িয়ে পড়ে এবং বাসে দাউদাউ করে আগুন ধরে যায়।
বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। কয়েকজন যাত্রী জানালা দিয়ে বের হতে পারলেও অন্তত ১০ জন ভেতরে আটকা পড়ে মারা যান। কর্ণাটক পুলিশের আইজি রাভিকান্ত গৌড়া জানান, ট্রাকচালকের নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন