মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › পোস্টাল ভোটে ব্যাপক সাড়া: ৮ লাখ ছাড়াল নিবন্ধিত ভোটারের সংখ্যা

পোস্টাল ভোটে ব্যাপক সাড়া: ৮ লাখ ছাড়াল নিবন্ধিত ভোটারের সংখ্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
পোস্টাল ভোটে ব্যাপক সাড়া: ৮ লাখ ছাড়াল নিবন্ধিত ভোটারের সংখ্যা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শনিবার দুপুর পর্যন্ত দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৮ লাখ ৮৭২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ২৮ হাজার ৬১৭ এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।


প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন। প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে (১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন)। এছাড়া কাতার, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি’ ক্যাটাগরিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার আবেদন করেছেন।


জেলা হিসেবে নিবন্ধনের শীর্ষে রয়েছে কুমিল্লা (৭১,১৪৩ জন), যার পরেই রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। উল্লেখ্য, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের সুবিধার্থে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাঁদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।