ইন্দোনেশিয়ায় নৌকাডুবি: স্প্যানিশ পরিবারের ৪ সদস্য নিখোঁজ
বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ার উপকূলে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর পাদার দ্বীপ প্রণালীতে প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের আঘাতে নৌকাটি এই দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ছুটি কাটাতে আসা একটি স্প্যানিশ পরিবারের চার সদস্য—বাবা ও তার তিন সন্তান এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে স্প্যানিশ পরিবারটির মা, এক কন্যা, নৌকার চারজন কর্মী এবং একজন গাইডসহ মোট সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল সমুদ্র থেকে নৌকার ধ্বংসাবশেষ উদ্ধার করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে অনুসন্ধান কাজ স্থগিত রাখতে হয়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানিয়েছে, রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে নিখোঁজ চারজনের সন্ধানে পুনরায় বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।