লস অ্যাঞ্জেলেসে গ্যাস লাইনে বিস্ফোরণ: ৫ নম্বর ফ্রিওয়ে বন্ধ, বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাস্টেইক এলাকায় একটি গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রিজ রুট রোড ও পাইন ক্রেস্ট প্লেসের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর নিরাপত্তার খাতিরে লস অ্যাঞ্জেলেসের ব্যস্ততম ৫ নম্বর ফ্রওয়ের একটি অংশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার এবং বাড়ির দরজা-জানালা ও এসি (HVAC) সিস্টেম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্রায়ান কাইট জানিয়েছেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সন্ধ্যা ৬টার দিকে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানি লাইনটির উভয় প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিস্ফোরণের সঠিক কারণ উদ্ঘাটন এবং গ্যাস লিক পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।