মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ২ জানুয়ারি থেকে টঙ্গীতে তিন দিনের খুরুজের জোড়: প্রস্তুতি সম্পন্ন

২ জানুয়ারি থেকে টঙ্গীতে তিন দিনের খুরুজের জোড়: প্রস্তুতি সম্পন্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
২ জানুয়ারি থেকে টঙ্গীতে তিন দিনের খুরুজের জোড়: প্রস্তুতি সম্পন্ন

আসন্ন ২০২৬ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘খুরুজের জোড়’। তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর অধীনে আয়োজিত এই জোড় ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবউল্লাহ রায়হান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে, টঙ্গীর ইজতেমা ময়দানে এই আয়োজনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই জোড়ে মূলত তারাই অংশগ্রহণ করবেন যারা চিল্লা বা দীর্ঘ মেয়াদী তাবলিগী সফরে বের হবেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে বর্তমান সময়ে ‘সাদপন্থী’ একটি মহল এই জোড়কে ইজতেমা হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতীতে সাদপন্থীরা প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করে কয়েকবার সহিংসতা চালিয়েছে, যার ফলে তারা ইজতেমা ময়দানে কার্যক্রম পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপন অনুযায়ী তারা ভবিষ্যতে টঙ্গী ময়দানে কোনো কার্যক্রম করতে পারবে না বলেও জানানো হয়। শুরায়ী নেজামের পক্ষ থেকে এই ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি বলে সতর্ক করা হয়েছে।