স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাশিয়ার সমর্থন অটল: সের্গেই ল্যাভরভ
ফিলিস্তিন-ইসরায়েল সংকটের একটি স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত দৃঢ় বলে পুনব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি স্পষ্ট করে বলেন, গাজার পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। ল্যাভরভের মতে, ঐতিহাসিক অবিচারের অবসান ঘটিয়ে এমন একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান অনিশ্চয়তা ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের এই মৌলিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি ও ইহুদি জনগণসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতির জন্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা কল্পনা করাও কঠিন।