অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ। আজ রবিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, এই মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই চাঞ্চল্যকর হত্যার বিচার সম্পন্ন করা হবে।
উপদেষ্টা আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা না হলেও, হত্যার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার এবং জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তিনি ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কোনো রাজনৈতিক দলে আশ্রয় না দেওয়ার জন্য দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান।