বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ফ্লোরিডা বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতি, তবে ভূমি ইস্যুতে জটিলতা রয়ে গেছে: ট্রাম্প

ফ্লোরিডা বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতি, তবে ভূমি ইস্যুতে জটিলতা রয়ে গেছে: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্লোরিডা বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতি, তবে ভূমি ইস্যুতে জটিলতা রয়ে গেছে: ট্রাম্প

ফ্লোরিডায় অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এখনো এক বা দুটি অত্যন্ত জটিল বিষয় অমীমাংসিত রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হলো ভূখণ্ড বা ভূমি সংক্রান্ত ইস্যু।


মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, প্রস্তাবিত ২০-দফা শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত আলোচনা প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।


তবে ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে লজিস্টিক সহায়তা বা সেনা মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করেননি ট্রাম্প।


এরপর টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি জানান, যুদ্ধের অবসান নিশ্চিত করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদল আবারও বৈঠকে বসবে। তিনি বলেন, “আমরা সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় ও মার্কিন দল যে অগ্রগতি করেছে, তা অত্যন্ত মূল্যবান।”


প্রসঙ্গত, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল মূলত রাশিয়ার দখলে রয়েছে। অঞ্চলটিকে অসামরিক এলাকা হিসেবে ঘোষণা করার প্রস্তাব এখনো অমীমাংসিত বলে জানান ট্রাম্প।


ডনবাস অঞ্চলের অন্তর্ভুক্ত দোনেৎস্কের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া চায়, ইউক্রেন ডনবাসে তাদের নিয়ন্ত্রণাধীন অবশিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করুক। বিপরীতে কিয়েভের দাবি, এই অঞ্চলটি ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা যেতে পারে।


এই বিষয়ে ট্রাম্প বলেন, “এটি একটি অত্যন্ত কঠিন সমস্যা, তবে এর সমাধান হবে।”

সূত্র: বিবিসি