বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোর ওয়াক্সাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় ১০০

মেক্সিকোর ওয়াক্সাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় ১০০

favicon
ভোরের আলো ডেস্ক:
মেক্সিকোর ওয়াক্সাকায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত প্রায় ১০০

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। মেক্সিকোর নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।


নৌবাহিনীর তথ্যমতে, মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলকারী ইন্টারওসেনিক ট্রেনটিতে দুর্ঘটনার সময় ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। মোট ৯৮ জন আহতের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কর্মকর্তারা জানান, নিজান্দা শহরের কাছে একটি বাঁক অতিক্রম করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, নৌবাহিনীর সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন এবং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।


দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামতে সহায়তা করছেন। লাইনচ্যুত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে পাহাড়ি ঢালের পাশে আংশিকভাবে হেলে গেছে।


নৌবাহিনী জানায়, সালিনা ক্রুজের প্রশান্ত মহাসাগরীয় বন্দরকে উপসাগরীয় উপকূলের কোটজাকোয়ালকোসের সঙ্গে সংযুক্তকারী এই ইন্টারওসেনিক ট্রেনটিতে দুটি লোকোমোটিভ ও চারটি যাত্রীবাহী বগি ছিল।


ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।


উল্লেখ্য, প্রায় দুই বছর আগে অঞ্চলটির অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে ইন্টারওসেনিক রেল সংযোগটি চালু করা হয়। এটি মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। তেহুয়ান্টেপেকের ইস্থমাসজুড়ে রেল যোগাযোগ আধুনিকীকরণ করে এলাকাটিকে একটি কৌশলগত বাণিজ্য করিডোরে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে বন্দর, রেলপথ ও শিল্প অবকাঠামো সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।


দক্ষিণ মেক্সিকোতে যাত্রী ও মালবাহী রেল পরিষেবা সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এই ট্রেন পরিষেবাটি পরিচালিত হচ্ছে।