আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩৫ হাজার বিজিবি মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি দিবস-২০২৫’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, বিজিবি নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রতিদিন দু’একটি করে অস্ত্র উদ্ধার হচ্ছে, কখনও কখনও পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে।
নির্বাচন বানচালের সম্ভাবনার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিস্টরা” বোমা হামলার মাধ্যমে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। তবে সব পক্ষের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।