খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়, জোরদার নিরাপত্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, এভারকেয়ার হাসপাতালের সামনে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে আসা বিএনপি নেতাকর্মীদের অনেকেই হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রাখে। এ সময় হাসপাতালের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. কিবরিয়া বলেন, “আমরা খুব আশাবাদী ছিলাম নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম থেকে দেশের মানুষের শেখার অনেক কিছু আছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।