ভারতের সঙ্গে সম্পর্ক পর্যালোচনায় ঢাকায় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক
ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে দুপুর ১২টার আগে নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে মন্ত্রণালয়ে পৌঁছান। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপদেষ্টাদের আগেই সেখানে উপস্থিত ছিলেন।
প্রায় আধাঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, “আমরা বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ডেকে এনে আলোচনা করি। তবে এই বৈঠক নিয়ে মন্তব্য করতে চাই না।”
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার সোমবার রাতে জরুরি ভিত্তিতে নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।