তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বিগ্ন নন ট্রাম্প
তাইওয়ানের চারপাশে চীনের চলমান সামরিক মহড়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সম্প্রতি তাইওয়ানকে ঘিরে বড় পরিসরের সামরিক মহড়া শুরু করেছে, যা অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) শুরু হওয়া এই মহড়ার পর তাইওয়ান সম্ভাব্য হামলা মোকাবিলায় দ্রুত সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে। চীনা সামরিক বাহিনী জানায়, দ্বীপের গুরুত্বপূর্ণ অঞ্চল দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এসব মহড়া ‘তাইওয়ান স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তি’ এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা।
এদিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি মহড়ার বিষয়ে আমাকে কিছু জানাননি, তবে আমি বিষয়টি দেখেছি।” তিনি আরও বলেন, “এতে আমি উদ্বিগ্ন নই। তারা গত ২০ বছর ধরেই ওই এলাকায় নৌ ও সামরিক মহড়া চালিয়ে আসছে।”
দুই দিনব্যাপী এই যুদ্ধ মহড়া এমন সময়ে শুরু হয়েছে, যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে—যা বেইজিংকে ক্ষুব্ধ করেছে। চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে।
চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং ফাইটার-বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দ্বীপটির চারপাশের পাঁচটি স্থানে টানা ১০ ঘণ্টা সমুদ্র ও আকাশসীমায় সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালানো হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সকালে দ্বীপটির আশপাশে ১৩০টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৯০টি চীন–তাইওয়ানের মধ্যকার অনানুষ্ঠানিক ‘মধ্যম রেখা’ অতিক্রম করেছে। এছাড়া এক ডজনের বেশি চীনা নৌবাহিনীর জাহাজও শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ানের সশস্ত্র বাহিনী বিমান, নৌযান ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।
এদিকে, তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় চীনের এই মহড়ার সমালোচনা করে একে আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে।
সূত্র: বিবিসি