সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আজ বিকেল ২টায় খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজ বিকেল ২টায় খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ বিকেল ২টায় খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব।


জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।


রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম চলাকালে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।


এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকায় আনা হবে। এ সময় রাস্তায় দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। জানাজা ও দাফন—সব কার্যক্রমই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।


এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা দলে দলে রাজধানীর পথে যাত্রা শুরু করেন। শেষবারের মতো নেত্রীকে একনজর দেখার আশায় অনেকে বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় আসছেন।