মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সংসদ ভবনে মানুষের ঢল, শেষ বিদায় খালেদা জিয়াকে

সংসদ ভবনে মানুষের ঢল, শেষ বিদায় খালেদা জিয়াকে

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদ ভবনে মানুষের ঢল, শেষ বিদায় খালেদা জিয়াকে

সংসদ ভবন এলাকা থেকে যতদূর চোখ যায়, দেখা মিলছে মানুষের সমুদ্র। তারা এসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা স্পষ্ট করছে এই জনস্রোত।


সারাদেশ থেকে মানুষ ছুটে এসেছে রাজধানীতে, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। প্রকৃতিও যেন তাদের সঙ্গে আছে—কনকনে কয়েকদিনের ঠাণ্ডা কেটে, মিষ্টি রোদ উঠেছে নগরীতে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে আগত জনতার জন্য।


দুপুর দেড়টার দিকে সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে ভিড় লক্ষ্য করা গেছে। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেট এলাকায় পর্যন্ত।


আজ দুপুর ২টায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার মৃত্যুতে সরকার আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।


কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ১১টা ৪৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে মরদেহ আনা হয়। এর আগে বেলা ১১টার দিকে মরদেহ গুলশানের তারেক রহমানের বাসা থেকে সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করে। সকালে মরদেহটি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেয়া হয়েছিল।


গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াণ ঘটে খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।