মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেন।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ ছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও জানাজায় অংশ নেন।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ রাজধানীতে ছুটে আসেন। জানাজাস্থলে প্রবেশ করতে না পেরে অনেকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় দাঁড়িয়ে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন দেশের তিনবারের এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজা উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।