পবিত্র কোরআনের ওপর হাত রেখে আজ নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি
জোহরান মামদানি আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন। দীর্ঘদিনের শপথগ্রহণ রীতি অনুসরণ করে তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেবেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআনের ওপর হাত রেখে শপথ নিচ্ছেন।
এই শপথগ্রহণ নিউইয়র্কে বসবাসরত লাখ লাখ মুসলিমের জন্য গর্বের এক ঐতিহাসিক মুহূর্ত। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসেও একটি উল্লেখযোগ্য অধ্যায়—কারণ জোহরান মামদানি একাধারে মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত প্রথম ব্যক্তি।
মামদানির মুখপাত্র জানান, শপথগ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের তিনটি ভিন্ন সংস্করণ ব্যবহার করবেন। তিনি দুটি পৃথক অনুষ্ঠানে শপথ নেবেন—একটি ব্যক্তিগত ও অন্যটি প্রকাশ্য।
মধ্যরাতে অনুষ্ঠিত ব্যক্তিগত শপথগ্রহণে তিনি তার দাদার ব্যবহৃত একটি কোরআন শরিফ এবং প্রখ্যাত আফ্রো-লাতিনো লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করবেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া এই কোরআনটি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে। এই ব্যক্তিগত শপথগ্রহণ অনুষ্ঠিত হবে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে।
পরবর্তীতে প্রকাশ্য অনুষ্ঠানে আরেকটি কোরআনের ওপর হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। মধ্যরাতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে শপথ বাক্য পাঠ করাবেন এবং দিনের শেষ দিকে ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স প্রকাশ্য অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণার সময় তার ধর্মীয় পরিচয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এক বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মুসলমানের স্বপ্ন অন্য সব নিউইয়র্কবাসীর মতো সমান মর্যাদা ও অধিকার পাওয়া, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কম প্রত্যাশা করতে বলা হয়েছে।
মামদানি আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শোমবার্গের কোরআন ব্যবহারের মাধ্যমে নিউইয়র্কের বহুজাতিক, বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে চান। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ বলেন, এটি একটি অত্যন্ত প্রতীকী মুহূর্ত—একজন মুসলিম মেয়র কোরআনের ওপর শপথ নিচ্ছেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন আফ্রিকার দেশ উগান্ডায়।
সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট