ভারতে চলন্ত গাড়িতে নারী ধর্ষণের অভিযোগ, পরে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
ভারতের হরিয়ানার ফরিদাবাদ জেলায় এক নারীকে চলন্ত গাড়িতে দীর্ঘ সময় ধরে ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত সোমবার দিবাগত গভীর রাতে ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ২৮ বছর বয়সী ওই নারী রাতে বাড়ি ফেরার জন্য যানবাহন খুঁজছিলেন। এ সময় দুই যুবক তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেয়। এরপর অভিযোগ অনুযায়ী, প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে গাড়ির ভেতর তাঁকে নির্যাতন করা হয়।
সিসিটিভি ফুটেজের বরাতে এনডিটিভি জানায়, রাত আনুমানিক ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চত্বরে চলন্ত গাড়ি থেকে ওই নারীকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর মুখে একাধিক সেলাই দিতে হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিকভাবে তিনি আতঙ্ক ও ভয়ের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নারীর অনুরোধ ও প্রতিরোধ সত্ত্বেও অভিযুক্তরা নির্যাতন বন্ধ করেনি এবং তাঁকে ভয়ভীতি দেখানো হয়। তাঁর বোন জানান, ঘটনার আগের সন্ধ্যায় ওই নারী ফোন করে জানান যে তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন এবং কিছু সময়ের মধ্যে ফিরে আসবেন।
পরে ভুক্তভোগী একাধিকবার ফোন করার চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। ভুক্তভোগী নারী বিবাহিত এবং তাঁর তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।