মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত

খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দুপুরের দিকে উন্মুক্তির পর থেকেই নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভীড় জমতে থাকে।


নতুন বছরের প্রথম দিনেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভক্ত ও সমর্থকরা কবর জিয়ারত করতে আসতে শুরু করেন। সমাধিস্থল প্রাঙ্গণে দিনভর কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত চলে। শ্রদ্ধা নিবেদনকারীরা প্রিয় নেত্রীর প্রতি তাদের আবেগ জানাচ্ছেন, কেউ ফুলস্তবক অর্পণ করছেন, কেউ বা নীরব শ্রদ্ধা প্রদর্শন করছেন। সমাধি কমপ্লেক্সের চারপাশ ফুলে ফুলে সাজানো হয়েছে।


গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয় তার স্বামীর কবরের পাশে। তার আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টায় জানাজা অনুষ্ঠিত হয়।


দাফনের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন—ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, বড় মেয়ে জাহিয়া রহমান এবং ছোট মেয়ে জাফিরা রহমান। এছাড়া বিএনপির নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক ও শ্রদ্ধা জানান।


প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।