এনইআইআর পদ্ধতির প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা ও ভাঙচুর
মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুর প্রতিবাদে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল মোবাইল ব্যবসায়ী হঠাৎ করে বিক্ষোভ শুরু করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ব্যবসায়ীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, ঘটনার সময় তারা আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের শব্দ শোনা যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।