বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › উত্তর কোরিয়ার সংবাদপত্রে নিষেধাজ্ঞা শিথিল, সিউলে মতভেদ

উত্তর কোরিয়ার সংবাদপত্রে নিষেধাজ্ঞা শিথিল, সিউলে মতভেদ

favicon
ভোরের আলো ডেস্ক:
উত্তর কোরিয়ার সংবাদপত্রে নিষেধাজ্ঞা শিথিল, সিউলে মতভেদ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা, শাসকগোষ্ঠীর প্রশংসা এবং যুক্তরাষ্ট্রবিরোধী তীব্র প্রচারণায় ভরপুর উত্তর কোরিয়ার শীর্ষ সরকারি সংবাদপত্র রোদং সিনমুন দীর্ঘদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়ে আসছে। সে কারণে নিরাপত্তাজনিত উদ্বেগে দেশটির নাগরিকদের এই পত্রিকা পড়া নিষিদ্ধ ছিল। তবে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এবার সেই নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সিউল।


দক্ষিণ কোরিয়ার তুলনামূলক শান্তিপূর্ণ নীতির প্রেসিডেন্ট লি জে মিয়ং পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে রোদং সিনমুনে সীমিত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এ বিষয়ে তিনি রসিকতা করে বলেন, সাধারণ মানুষ এই পত্রিকা পড়লেই ‘কমিউনিস্ট হয়ে যাবে’—এমনটি তিনি বিশ্বাস করেন না।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোদং সিনমুন পড়তে আর আলাদা করে আবেদন বা নিজের পরিচয় জানানোর প্রয়োজন নেই। তবে আগ্রহীদের এখনো সরকারি গ্রন্থাগারে গিয়ে পত্রিকাটি দেখতে হবে। এই সিদ্ধান্তকে ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জনমত বিভক্ত দেখা গেছে।


উত্তর কোরিয়ার সব গণমাধ্যমই কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত এবং রোদং সিনমুন দেশটির শাসক ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত। এ কারণে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পার্ক সি-ওন বলেন, এটি যেন মানুষকে আইএসআইএসের প্রচারপত্র পড়ার সুযোগ দেওয়ার মতো। তার মতে, মানুষকে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি থেকেই যায়।


অন্যদিকে, ৮১ বছর বয়সী হং সে-উং এই সিদ্ধান্তকে ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, শত্রু দেশের একটি পত্রিকা পড়তে দেওয়া বা সে দিকে মানুষকে উৎসাহিত করার ধারণাই তার কাছে গ্রহণযোগ্য নয়।


তবে কেউ কেউ মনে করছেন, বাস্তবে এর প্রভাব খুবই সীমিত হবে। ২৭ বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষার্থী সন ইউ-জিন বলেন, বর্তমান সময়ে অনেকেই ছাপা পত্রিকা পড়েন না। তার সন্দেহ, খুব অল্প মানুষই আলাদা করে রোদং সিনমুন পড়তে আগ্রহ দেখাবে।


🔍 প্রতীকী পরিবর্তন?


দক্ষিণ কোরিয়া ও পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সিউল নিরাপত্তার স্বার্থে পিয়ংইয়ংয়ের প্রচারমাধ্যমে প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছে। সেই নিষেধাজ্ঞার অনেক অংশ এখনো বহাল আছে। উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ কোরিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে এখনো উত্তর কোরিয়ার কোনো ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব নয়।


শুক্রবার সিউলের জাতীয় গ্রন্থাগারে এএফপি সাংবাদিকরা হাতে গোনা কয়েকজনকে রোদং সিনমুনের কপি উল্টাতে দেখেছেন। পত্রিকার পাতাজুড়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ছবি ও মোটা অক্ষরে লেখা তার নামই বেশি চোখে পড়ে। তবে সিউলের অন্যান্য এলাকায় নতুন নিয়ম বাস্তবায়িত হয়েছে—এমন গ্রন্থাগার খুঁজে পেতে এএফপি সাংবাদিকদের বেগ পেতে হয়েছে।


উত্তর কোরিয়ার গণমাধ্যম পর্যবেক্ষণভিত্তিক ওয়েবসাইট এনকে নিউজের প্রতিষ্ঠাতা চ্যাড ও’ক্যারল বলেন, বাস্তবিক দিক থেকে এটি একটি প্রতীকী পরিবর্তন মাত্র। তার মতে, উত্তর কোরিয়া নিয়ে গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও সহজ হতো, যদি সিউল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইটে সরাসরি প্রবেশাধিকার দিত। তবে এমন পদক্ষেপ নিতে গেলে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা আইনে রাজনৈতিকভাবে কঠিন পরিবর্তন আনতে হবে।


সিউল জানিয়েছে, উত্তর কোরিয়া সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে তারা ধাপে ধাপে প্রবেশাধিকার বাড়াবে। বছরের পর বছর ধরে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি সম্পূর্ণ একতরফা পদক্ষেপ। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য এখনো দক্ষিণ কোরিয়ার কোনো কনটেন্টে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এমন কিছু করতে ধরা পড়লে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।


সূত্র: আল-আরাবিয়া