সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এনইআইআর চালু, তবে আগামী ৯০ দিনে কোনো অবৈধ বা ক্লোন ফোন বন্ধ হবে না

এনইআইআর চালু, তবে আগামী ৯০ দিনে কোনো অবৈধ বা ক্লোন ফোন বন্ধ হবে না

favicon
ভোরের আলো ডেস্ক:
এনইআইআর চালু, তবে আগামী ৯০ দিনে কোনো অবৈধ বা ক্লোন ফোন বন্ধ হবে না

দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও ক্লোন হ্যান্ডসেটের ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই সিস্টেমের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই জাতীয় ডাটাবেজে যুক্ত হচ্ছে, যা চোরাই ও অবৈধ ফোন শনাক্ত সহজ করবে।


তবে এনইআইআর চালু হওয়ার পর কিছু বিষয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে। অনেকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অনেক ফোন রেজিস্ট্রেশন দেখানো হচ্ছে।


প্রধান উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আগামী ৯০ দিনে কারো কোনো অবৈধ বা ক্লোন ফোন বন্ধ হবে না। তিনি সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছেন, “প্যানিকড হবেন না।”


তিনি বলেন, “একজন এনআইডির বিপরীতে অনেকগুলো ফোন সচল দেখানোর কারণ হলো আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা পেয়েছি। অপারেটররা হিস্টোরিক ডেটাসহ সবকিছুই সিস্টেমে তুলেছে। যদিও মাইগ্রেশনের তারিখ এখনকার দেখানো হয়েছে, ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধুমাত্র বর্তমানে সচল ফোনের সংখ্যা দেখানো হবে।”


ফয়েজ তৈয়্যব আরও বলেন, “শুরুর দিকে প্রযুক্তিগত প্লাটফর্মে কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে। তবে আমরা তা সমাধান করব। এই সিস্টেমটি নতুন নয়; ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা হয়েছিল। নতুন ফিচার যুক্ত করে সচল করা হয়েছে।”


তিনি এনআইডি-ভিত্তিক অতিরিক্ত রেজিস্ট্রেশন বিষয়েও স্পষ্ট করেছেন, “বাংলাদেশে আগে একজন ব্যক্তির এনআইডির বিপরীতে সর্বোচ্চ ২০টি এবং পরে ১৫টি সিম ব্যবহার করা যেত। এখন এটি ১০-এ নামানো হচ্ছে। তাই এনআইডির বিপরীতে অতিরিক্ত ফোন দেখা স্বাভাবিক।”


এনইআইআর ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক হবে। ব্যবহারকারীরা জানতে পারবেন, কতটি সিম এবং ডিভাইস তাদের এনআইডির সঙ্গে যুক্ত। এছাড়া সিম বা ডিভাইসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও অনলাইন জুয়ার মতো আর্থিক অপরাধে জড়িত হয়েছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।


ডাটাবেজের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল টোকেন (JWT) ব্যবহার করা হয়েছে। রেট লিমিট করা হয়েছে এবং ডাটা অ্যাক্সেসের জন্য এনআইডি প্রয়োজন। আরও নিরাপত্তার জন্য অতিরিক্ত লেয়ার যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।