ইনজুরিতে বিশ্বকাপ প্রস্তুতিতে অনিশ্চয়তা, কামিন্স–হ্যাজলউড আপাতত বাইরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে দলের অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে আপাতত টুর্নামেন্টের প্রস্তুতি পর্ব থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
এর আগে দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। তবে নিজ নিজ চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাদের বাইরে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। এর প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও, যেখানে অস্ট্রেলিয়া দলে দেখা যাবে না এই দুই তারকা পেসারকে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জর্জ বেইলি জানান, বিশ্বকাপে প্যাট কামিন্সের অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত থাকবে। তবে বিশ্বকাপের সময় দুজনই দলে যোগ দিতে পারবে বলে আমরা আশাবাদী।’
কামিন্সের ক্ষেত্রে ফিরতে কিছুটা দেরি হতে পারে বলেও ইঙ্গিত দেন বেইলি। তার ভাষায়, ‘প্যাট কামিন্স হয়তো একটু পরে ফিরবে। এটি ৫০ ওভারের বিশ্বকাপে ট্রাভিস হেডের পরিস্থিতির মতো হতে পারে, যেখানে নির্দিষ্ট একটি সময়ের পর দলে যোগ দেওয়ার সুযোগ থাকে। আমরা সেই সময় পর্যন্ত তাকে স্কোয়াডে রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করব।’
অন্যদিকে জশ হ্যাজলউডের ফিটনেস নিয়ে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া। বেইলি বলেন, ‘হ্যাজলউড শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত থাকবে বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনে স্কোয়াডে সামান্য পরিবর্তন আনা হতে পারে।’