ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কড়া বার্তা ইরানের: প্রস্তুত সশস্ত্র বাহিনী
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্প ইরানি কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দেন। তিনি দাবি করেন, এমন পরিস্থিতিতে ‘ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত।’
এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কোনো ধরনের হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ‘ঠিক কোথায় আঘাত হানতে হবে, তা তারা ভালোভাবেই জানে।’
দেশটিতে এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবার সকাল পর্যন্ত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প শুক্রবার লেখেন, ‘ইরান যদি তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।’ তবে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জানা উচিত, জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ দেশটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।