ইরানে বিক্ষোভে নতুন করে প্রাণহানি, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ছে উত্তেজনা
ইরানে দুর্বল অর্থনীতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভকে ঘিরে সহিংসতায় নতুন করে আরও দুজন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে করে চলমান আন্দোলনে মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এখনো বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে সতর্ক করে বলেন, তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। তবে তিনি কীভাবে বা আদৌ হস্তক্ষেপ করবেন কি না—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
ট্রাম্পের এই মন্তব্যের পরই ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার ভেতরে থাকা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দেন।
গত এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন ২০২২ সালের পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নিয়েছে। ২০২২ সালে পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। তবে বর্তমান বিক্ষোভ এখনো সেই আন্দোলনের মতো ব্যাপক বা তীব্র হয়নি। উল্লেখ্য, মাহসা আমিনিকে কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী হিজাব না পরার অভিযোগে আটক করা হয়েছিল।
শনিবার ভোররাত পর্যন্ত সহিংসতার মাত্রা আরও বেড়েছে। রাষ্ট্রায়ত্ত পত্রিকার খবরে বলা হয়, শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কুম শহরে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, নিহত ব্যক্তি হামলার উদ্দেশ্যে গ্রেনেডটি বহন করছিলেন। রাজধানী তেহরান থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুম শহরের রাস্তায় রাতভর আগুন জ্বলতে দেখা গেছে—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, তেহরান থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কেরমানশাহ প্রদেশের হারসিন শহরে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড বাহিনীর স্বেচ্ছাসেবী শাখা বাসিজের এক সদস্য গুলি ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২২টি প্রদেশের শতাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এদিকে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখালেও বাস্তবতায় তার করার মতো খুব বেশি কিছু নেই বলে তিনি নিজেই স্বীকার করেছেন। কারণ ইরানের মুদ্রা রিয়ালের মূল্য দ্রুত কমে গেছে। বর্তমানে এক মার্কিন ডলার কিনতে লাগছে প্রায় ১৪ লাখ রিয়াল। এই গভীর অর্থনৈতিক সংকটই মূলত আন্দোলনের সূচনা করেছে।
যদিও বিক্ষোভের মূল কারণ অর্থনৈতিক সমস্যা, তবুও বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন। গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর—যেখানে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়—তারপর থেকে দেশটির অর্থনীতি স্থিতিশীল করতে ইরান খুব একটা সফল হতে পারেনি।
সম্প্রতি ইরান দাবি করেছে, তারা দেশের কোথাও আর ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। পশ্চিমাদের সঙ্গে আলোচনার পথ খুলতে এবং নিষেধাজ্ঞা শিথিলের উদ্দেশ্যেই এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন।
সূত্র: এপি