হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ভিডিওবার্তা বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘নো কমেন্টস। ভিডিওটি আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।’
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক প্রার্থীই নিরাপত্তা চাইছেন। তবে পুলিশের রিসোর্স সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। কারও জীবনের প্রতি বাস্তব হুমকি আছে কি না, তা বিশেষ পুলিশ (এসবি) দিয়ে যাচাই করা হয়। যাচাই শেষে ঝুঁকি প্রমাণিত হলে এসবি অথবা গানম্যান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বিশেষভাবে জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তা ঝুঁকির কথা জানালে যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, বাংলাদেশ একটি সীমিত সম্পদের দেশ এবং পুলিশ বাহিনীর সক্ষমতাও সীমাবদ্ধ। নির্বাচন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। সব জনবল ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত করলে ভোটকেন্দ্রের নিরাপত্তা, সন্ত্রাস দমন ও নির্বাচনসংক্রান্ত অন্যান্য জটিলতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, ‘এ কারণে আমাদের রিসোর্সের দিকে তাকিয়ে সবকিছু ভারসাম্যের সঙ্গে পরিচালনার চেষ্টা করছি।’