সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রোহিঙ্গা প্রত্যাবাসনে কথার ফুলঝুরি, বাস্তবে অগ্রগতি নেই—চাপে বাংলাদেশের কূটনীতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে কথার ফুলঝুরি, বাস্তবে অগ্রগতি নেই—চাপে বাংলাদেশের কূটনীতি

favicon
ভোরের আলো ডেস্ক:
রোহিঙ্গা প্রত্যাবাসনে কথার ফুলঝুরি, বাস্তবে অগ্রগতি নেই—চাপে বাংলাদেশের কূটনীতি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও আন্তর্জাতিক তৎপরতা চললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। বরং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই সংকট মোকাবিলায় বাংলাদেশের ওপর চাপ আরও বেড়েছে। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক পরিস্থিতিকে জটিল করে তুলেছে।


ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর উদ্যোগের কথা বলা হলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। গত বছর আগস্টে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপসহ জাতিসংঘ, কাতার ও বাংলাদেশের উদ্যোগে তিনটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন, রাখাইনে স্থায়ী শান্তি এবং আন্তর্জাতিক দায়িত্বের কথা জোর দিয়ে বলা হলেও শেষ পর্যন্ত আশ্বাস ও প্রতিশ্রুতির বাইরে কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি।


রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সহায়তা আশঙ্কাজনকভাবে কমেছে। ফলে শরণার্থী ব্যবস্থাপনার চাপ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে এই সংকট এখন বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, কক্সবাজার-টেকনাফ অঞ্চল মাদক পাচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে রোহিঙ্গা সংকটের সঙ্গে মাদক ও সীমান্ত অপরাধের যোগসূত্র স্পষ্ট। যদিও সব রোহিঙ্গাকে অপরাধের সঙ্গে যুক্ত করা অন্যায়, তবু কিছু সংঘবদ্ধ চক্র এই সংকটকে কাজে লাগিয়ে মাদক ও অস্ত্র চোরাচালানের নেটওয়ার্ক গড়ে তুলেছে।

এদিকে মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টি করছে। নাফ নদে জেলেদের অপহরণ, সীমান্ত সহিংসতা এবং মানবিক বিপর্যয় দিন দিন বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা সংকট সমাধানে কিছু প্রস্তাব এলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। এখন প্রশ্ন উঠেছে—নির্বাচিত সরকার ক্ষমতায় এলে কীভাবে এই দীর্ঘস্থায়ী সংকটের কার্যকর সমাধান আসবে, সেটিই এখন দেখার বিষয়।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন