আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার আইসিটি বিভাগের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই শ্বেতপত্র প্রকাশ করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিটি খাতে বিগত সরকারের সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগে সংঘটিত অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তের লক্ষ্যে গঠিত একটি টাস্কফোর্স দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর শ্বেতপত্রটি চূড়ান্ত করে বিভাগে দাখিল করে।
শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে একাধিক সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ৩ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে আইসিটি বিভাগের জন্য টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সের মূল দায়িত্ব ছিল বিগত সরকারের সময় আইসিটি বিভাগের আওতায় সম্পাদিত সব চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত এবং একটি সমন্বিত আইসিটি শ্বেতপত্র প্রণয়ন করা।
সরকার আশা করছে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।