যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডে বাংলাদেশ, দুঃখজনক কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ওপর ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়; যেসব দেশে অভিবাসন সংক্রান্ত সমস্যা বেশি, তাদেরকেও এই তালিকায় রাখা হয়েছে। যেসব দেশের নাগরিক বেশি সামাজিক সেবা ব্যবস্থার ওপর নির্ভর করে, তাদের ওপর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এ প্রক্রিয়া নতুন নয়, দীর্ঘদিন ধরে এটি চালু রয়েছে। এক বছরে হঠাৎ এমন সিদ্ধান্ত হলে বর্তমান সরকারের দায় থাকত, তবে এটি দীর্ঘদিনের নীতি হওয়ায় দায় আগের সব সরকারের সঙ্গে যুক্ত।”
অনিয়মিত অভিবাসনের প্রসঙ্গ তুলে তৌহিদ হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই এই প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনিয়মিত অভিবাসন বন্ধ না হওয়া পর্যন্ত ভূমধ্যসাগরে মানুষের মৃত্যুর খবর আসতেই থাকবে।”
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ৩৮টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হবে। সর্বশেষ মঙ্গলবার বাংলাদেশসহ ২৫টি দেশ তালিকাভুক্ত হয়েছে। নতুন শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিষয়টি সদ্য কার্যকর হয়েছে। সরকার কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটি নিয়ে আলোচনা করবে এবং বাংলাদেশকে এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে।