ঢাকা ও আশপাশে শীতের তীব্রতা বাড়ার আভাস
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।