রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল, আজ থেকে শুরু শুনানি

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল, আজ থেকে শুরু শুনানি

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল, আজ থেকে শুরু শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল নিষ্পত্তির শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এ শুনানি চলবে।


কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


এর আগে, গতকাল শুক্রবার আপিল জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশন জানিয়েছে, জমা পড়া আপিলের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে করা হয়েছে।


এক শতাংশ ভোটারের সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, সমর্থনপত্রে স্বাক্ষরের অসংগতি, ঋণখেলাপি হওয়া এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণে বহু প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের আপিলের সুযোগ দেওয়া হয়েছে।


নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।