শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি দেড় কোটি টাকা

মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি দেড় কোটি টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি দেড় কোটি টাকা

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।


শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে অবস্থিত ব্যবসায়ী সুনিল সাহার পাটের গুদামে আগুন লাগে। আগুনে একই এলাকার ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার গুদানও ক্ষতিগ্রস্ত হয়।


দোকান মালিকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, সুনিল সাহার গুদামে প্রায় ১ হাজার ৮০০ মণ, নির্মল সাহার ৩০০ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৫০০ মণ পাট পুড়ে গেছে।


মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনিল সাহা জানান, তিনি রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি চলে যান। পরে আগুন লাগার খবর পান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানাতে পারেননি।


এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।