শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।


সেনাবাহিনী সূত্র জানায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতভর উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে এ অভিযান চালানো হয়। অপহরণের অভিযোগের ভিত্তিতে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।


অভিযানে অপহৃত রুবেল (৩০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), আবদুল করিমের ছেলে ওবাইদুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।


আটকদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন ও নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।


সেনা সূত্র জানায়, আটক ওবাইদুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তারও মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা যায়নি।


রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।