গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না: সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি গভর্নর হিসেবে ব্যর্থ হননি এবং উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না—এমনটাই তার বিশ্বাস। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে মূল্যস্ফীতি কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের ব্যাংকিং খাত বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিদ্যমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সহজ নয়।
অনুষ্ঠানে ব্যাংকাররা অতীতের বাছ-বিচারহীন ব্যাংক লাইসেন্স প্রদানকে ব্যাংকিং খাতের বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে সাবেক অর্থ উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিতে কিছুটা উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।