আগের তিন নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ পর্যবেক্ষক পাঠায়নি: প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সে সময় কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, সম্প্রতি ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইইউ জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। অতীতে পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে ইইউ আগের তিনটি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে না করার কথা উল্লেখ করেছে।
শফিকুল আলম বলেন, নির্বাচনকে ঘিরে বর্তমানে সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না।
তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মিসইনফরমেশন ছড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মতে, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ড ঘটলেও প্রতিটি ঘটনাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা ইইউকে জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হলেও এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য বা বিবৃতি দেওয়ার আগে যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।