সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
সোমবার , ০৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা সেলের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছে ইসি

নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা সেলের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছে ইসি

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা সেলের কার্যক্রমের প্রতিবেদন চেয়েছে ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনপূর্ব যেকোনো অনিয়ম প্রতিরোধে এসব সেলের কার্যক্রম জোরদারের কথাও বলা হয়েছে।


রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন এবং নির্বাচনপূর্ব অনিয়ম রোধে ইসির পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হয়েছে। পাশাপাশি সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত সব কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।


ইসির নির্দেশনা অনুযায়ী গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সেলের সদস্যদের তালিকা (মোবাইল নম্বরসহ) দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে সব রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।


ইসির পরিপত্রে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হবে। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি এবং সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।


এই সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।