বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: সন্দেহভাজন মিলন আটক
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক হোটেল কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক ব্যক্তির নাম মিলন। সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বনশ্রী এলাকায় নিজ বাসায় ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। পরে বাসায় ফিরে ছোট বোন লিলিকে ঘরের ভেতরে কুঁকড়ে থাকা অবস্থায় দেখতে পান। প্রথমে তিনি মনে করেন, লিলি মাথায় আঘাত পেয়েছে। তবে পরে হিজাব খুলে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো ছিল এবং গলা বঁটি দিয়ে কাটা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব জানিয়েছে, তদন্তের স্বার্থে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।