বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য জাতীয় নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রম উদ্বোধন কাল
বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রম চালু করতে যাচ্ছে। এর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd সম্পূর্ণভাবে প্রস্তুত এবং নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছে।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ডের মাধ্যমে ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ তরুণ সমাজের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।