সংস্কার-প্রতিরোধী অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে: টিআইবি
সংস্কার উদ্যোগের শুরু থেকেই সংস্কার-প্রতিরোধী অপশক্তির কাছে অন্তর্বর্তী সরকার আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শুরু থেকেই এসব মহলকে চিহ্নিত ও প্রতিহত করার গুরুত্ব সরকার অনুধাবন করেনি, যার ফলে বহু গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ বাতিল হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়নের নামে সরকার এড-হক ভিত্তিক বাছাই পদ্ধতি অনুসরণ করেছে এবং কিছু ক্ষেত্রে সংস্কারবিরোধী সিদ্ধান্ত নিয়েছে, এমনকি জুলাই সনদ লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই, কিছু ব্যতিক্রম ছাড়া। প্রথম দফায় গঠিত কমিশনের বাইরেও গণমাধ্যম, স্বাস্থ্য, নারী, শ্রম, স্থানীয় সরকার ও অর্থনৈতিক শ্বেতপত্রসহ গুরুত্বপূর্ণ খাতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, শিক্ষা, কৃষি ও ব্যক্তিমালিকানাধীন ব্যবসার মতো জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলো কেন সংস্কার তালিকার বাইরে রাখা হয়েছে—সে বিষয়ে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। সংবাদ সম্মেলনে টিআইবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।