শনিবার , ২১ নভেম্বর ২০২৬
শনিবার , ২১ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হামলা, আহত ২

মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হামলা, আহত ২

favicon
ভোরের আলো ডেস্ক:
মোংলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে হামলা, আহত ২

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুজন আহত হয়েছেন।


শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে এ হামলার ঘটনা ঘটে। দোয়া মাহফিলটির আয়োজন করেন বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট ও নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে হামলার শিকার হন দুজন। হামলার সময় উপস্থিত অনেকেই প্রাণ বাঁচাতে মোংলা থানা ও আশপাশের এলাকায় আশ্রয় নেন।


খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আহত সোবাহান মোল্লা অভিযোগ করেন, দোয়া মাহফিল বানচালের উদ্দেশ্যেই একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এবং ডেকোরেটর ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয়।


মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।