ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যেসব দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ইরানের ভেতরে টানা তৃতীয় সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে। খবর জানিয়েছে বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, নতুন শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ইরানের সঙ্গে বাণিজ্য বলতে ঠিক কোন ধরনের লেনদেন বা খাতকে বোঝানো হচ্ছে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এ ছাড়া ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারতের সঙ্গেও ইরানের উল্লেখযোগ্য বাণিজ্য রয়েছে।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের পথ বেছে নিতে পারে। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, বিমান হামলাসহ বিভিন্ন সামরিক বিকল্প এখনো বিবেচনায় রয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে কোনো দেশ ব্যবসা করলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে কোনো পরিবর্তন আসবে না।
তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে বাড়তি ব্যাখ্যা দেয়নি। বিশেষ করে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।